আমাদের ভারত, ২৫ এপ্রিল: ২০২৬- এর বিধানসভা নির্বাচনে বাংলায় নজির বিহীন ভোটদান হয়েছে। ৯৩.১৯ শতাংশ ভোটদানের পেছনে আসলে কারা রয়েছেন, এই আলোচনা এখন সব জায়গায়। নির্বাচন কমিশনের জেলা ভিত্তিক পরিসংখ্যান বলছে মহিলা ভোটারই এই নজিরবিহীন কান্ডের কারিগর।
উত্তরবঙ্গ হোক বা জঙ্গলমহল, রাজ্যের প্রতিটা জেলাতে মহিলা ভোটারদের উপস্থিতি পুরুষদের সমান। এমনকি বেশকিছু জায়গায় পুরুষদের ছাপিয়ে গেছেন মহিলারা। ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার মহিলা ভোটারের মধ্যে ১ কোটি ৬৫ লক্ষ ৪০ হাজারেরও বেশি মহিলারা ভোট দিয়েছেন, যা গণতন্ত্রের ইতিহাসে প্রায় ভাবাই যায় না।
পরিসংখ্যান দেখলে বোঝা যাচ্ছে মালদা, মুশিদাবাদ থেকে কোচবিহার, মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামগ্রিক ভোটের হারকে সামগ্রিক ভাবে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গিয়েছে। জেলায় জেলায় মহিলা ভোটারের উপস্থিতি ভোট শতাংশের হারে অনেক বেশি। কোচবিহারে ১০.৫ লক্ষের বেশি, মুর্শিদাবাদে ২০ লক্ষের বেশি, মালদায় ১২.৯ লক্ষেরও বেশি, বীরভূমে ১২.৫ লক্ষ মহিলা ভোটদানে অংশগ্রহণ করেছে।
এবারের ভোটে সব থেকে উল্লেখযোগ্য দিক হলো, পুরুষ ও মহিলা ভোটারের ব্যবধান প্রায় মুছে গেছে। পাহাড় হোক বা সমতল, মহিলাদের ভোটদান বেশি সব জায়গায়। দার্জিলিংয়ে ৪.৯৮ লক্ষ মহিলা ভোট দিয়েছেন, কালিম্পংয়ে মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের প্রায় সমান। জঙ্গলমহল, উত্তরবঙ্গে গ্রামীন বুথগুলিতে সকাল থেকে মহিলাদের দীর্ঘ লাইন নজর কেড়েছে। গ্রামীণ, অর্ধ শহুরে এলাকায় মহিলাদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল নারী ভোটের পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারের সরাসরি আর্থিক সুবিধার প্রকল্পগুলো মহিলাদের ভোটে অংশগ্রহণের হার বাড়িয়েছে। পরিবার ও সমাজে নিজেদের অধিকার রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে নারীদের সচেতনতায় উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত হওয়ায় মহিলারা নির্ভয় ভোট দিতে এগিয়ে এসেছে।
তবে এই বিপুল মহিলা ভোটে রাজনৈতিক দলগুলোর জন্য কড়া বার্তা হয়ে উঠেছে এবার। শাসক দল তৃণমূল দাবি করেছে, সরকারি প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা জানাতে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন। অন্যদিকে বিজেপি দাবি করেছে, বাংলায় নারী নির্যাতনের প্রতিবাদ ও পরিবর্তনের ডাক দিতে মায়েরা ঘর থেকে বেরিয়েছেন।
আসল কথা ৯৩ শতাংশের এই মাইলফলকে পৌঁছানোর পেছনে মহিলারা যে খেলা ঘোড়ানোর মূল পথিকৃত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে ৪ মে ফলাফল বের হলেই পরিস্কার হয়ে হয়ে যাবে বাংলার লক্ষ্মীরা দু’হাত তুলে কাদের আশীর্বাদ করেছেন।

