আমাদের ভারত, ২৬ এপ্রিল: বাণিজ্য মহানগরের ব্যস্ত রাস্তায় এবার দেখা যাবে চালক বিহীন ম্যাজিক ট্যাক্সি। নিত্যযাত্রীদের যাতায়াত সহজ করতে এবং যানজট মুক্ত বাণিজ্য নগরী গড়তে যুগান্তকারী পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার কুরলা ও বিকেসি’র মধ্যে দেশের অন্যতম আধুনিক “পড ট্যাক্সি” প্রকল্পের ভূমি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। চেম্বুরের ডায়মন্ড গার্ডেন মেট্রো স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ার।
মুম্বাইয়ের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বিকেসিতে পৌঁছতে গিয়ে প্রতিদিন লোকাল ট্রেন বা মেট্রো থেকে নামার পর শেষ মুহূর্তে যাত্রার লাস্ট মাইল কানেক্টিভিটি নিয়ে চরম নাকাল হতে হয় সাধারণ মানুষকে। সেই ভোগান্তি দূর করতে এম এম আরডি’র অটোমেটেড র্যাপিড ট্রানজিট সিস্টেম বা পড ট্যাক্সি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত ছাড়পত্র ইতিমধ্যেই পাওয়া গেছে। আগামী দশ মাসের মধ্যেই প্রথম দফার কাজ শেষ হয়ে যাবে।
এটি মূলত ব্যাটারি চালিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। প্রতিটি পড ট্যাক্সিতে ছয় জন যাত্রী বসতে পারবেন। সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিবেগে এই যানগুলি প্রতি ১৫ সেকেন্ড অন্তর স্টেশন আসবে। এর বিশেষত্ব হলো যাত্রীরা যে স্টেশনটি নির্বাচন করবে পড ট্যাক্সিটি সরাসরি সেখানেই থামবে। যা যাতায়াতকে করবে অত্যন্ত দ্রুত ও দক্ষ। পুরো প্রকল্পটি ৮.৮৫ কিলোমিটার দীর্ঘ হবে। এতে মোট ২২টি শীততপ নিয়ন্ত্রিত স্টেশন থাকবে। প্রথম দফায় বান্দ্রা ও কুরলার মধ্যে ৩.৩৬ কিলোমিটার রাস্তা তৈরি হবে। এই ব্যবস্থাটি এলবিএস মার্ক এবং কালানগরের মতো গুরুত্বপূর্ণ এলাকাকে যুক্ত করবে। শুধু তাই নয়, মেট্রো থেকে নেমে যাত্রীরা সহজে গন্তব্যে পৌঁছতে পারবে এই পড ট্যাক্সির সাহায্যে।
পিপিপি মডেলে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, ফলে রাজ্য সরকারের ওপর কোনো আর্থিক বোঝা চাপবে না। ২০৩১ সালের মধ্যে প্রতিদিন ১.০৯ লক্ষ যাত্রী পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প সফল হলে শহরের অন্যান্য জায়গাতেও এটি চালু করা হবে। এই প্রকল্প চালু করতে এক বছরে একাধিক সুরঙ্গ তৈরীর পরিকল্পনা রয়েছে সরকারের, যা পরবর্তীতে বিমানবন্দরের সঙ্গে যুক্ত হবে।
এক কথায় মুম্বাইবাসীর যাতায়াতে এক বড়সড় বিপ্লব আনতে চলেছে এই পড ট্যাক্সি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পের কাজে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফলে এখন শুধু কয়েক মাসের অপেক্ষা, তারপর এই মুম্বাইয়ের রাস্তায় যানজট এড়াতে পড ট্যাক্সিতে চেপে অফিস পৌঁছবে কর্মব্যস্ত মানুষ।

