Modi, BJP, ২০২৬-এর মহাযুদ্ধ, ঠাকুরনগরের মঞ্চ থেকে উদ্বাস্তুদের নাগরিকত্বের ‘গ্যারান্টি’ নরেন্দ্র মোদীর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
২৬ এপ্রিল: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে বঙ্গ রাজনীতিতে পারদ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তর ২৪ পরগনার মতুয়াগড় ঠাকুরনগর থেকে প্রচারে বিঁধলেন শাসক দল তৃণমূলকে। তবে রবিবাসরীয় এই মেগা প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিল মতুয়া তথা উদ্বাস্তু পরিবারগুলির প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আশ্বাস ও নাগরিকত্বের গ্যারান্টি।

এদিন ঠাকুরনগরে জনসভার আগে প্রধানমন্ত্রী সোজা চলে যান ঠাকুর বাড়ির নাটমন্দিরে। সেখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। জনসভার শুরুতেই আবেগপ্রবণ প্রধানমন্ত্রী তাঁর বাংলাদেশ সফরের কথা স্মরণ করে বলেন, “ওড়াকান্দি যাওয়ার সেই স্মৃতি আজও সতেজ। বড়মার আশীর্বাদ ও মমতা আমি কোনো দিন ভুলব না।” মতুয়াদের সঙ্গে তাঁর এই সম্পর্ক যে নিছক রাজনীতির নয়, বরং এক গভীর ‘আত্মীয়তার’, তা বারবার মনে করিয়ে দেন তিনি। উদ্বাস্তু ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে এদিন অত্যন্ত কড়া ও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “শরণার্থীদের জন্য প্রথম সরব হয়েছিল জনসংঘ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই সংস্কারই আমরা বহন করছি।”

সিএএ’র প্রসঙ্গ টেনে তিনি জোর দিয়ে বলেন, “আমরা সিএএ আইন লাগু করেছি। আপনাদের নাগরিকত্ব দেওয়া হবেই। আপনারা স্থায়ী ঠিকানা পাবেন, প্রয়োজনীয় সমস্ত নথি পাবেন। প্রত্যেক ভারতবাসী যে অধিকার পায়, আপনারাও তা পাবেন। এটা মোদীর গ্যারান্টি।” তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ এনে তিনি বলেন, শরণার্থীদের সুখ-দুঃখের দায়িত্ব বিজেপির। বিরোধীদের ‘মিথ্যা প্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *