সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ২৬ এপ্রিল: মধ্যমগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে জাঁকজমকপূর্ণ রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ। রবিবার বিকেলে মধ্যমগ্রাম শহর জুড়ে এই রোড শো ঘিরে দেখা যায় ব্যাপক জনসমাগম ও উৎসাহ।

বিজেপি প্রার্থীর সমর্থনে এই প্রচারে অংশ নিয়ে অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা হবে। রোড শো চলাকালীন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বহু মানুষ বিজেপির পতাকা হাতে অমিত শাহকে অভিবাদন জানান। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। স্লোগান, ঢাক-ঢোল এবং উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা মধ্যমগ্রাম।
এই রোড শোকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। সব মিলিয়ে ভোটের আগে এই কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

