গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৭ এপ্রিল: বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাটের বর্মা। তৃণমূল-বিজেপি সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বেশ কয়েকটি গাড়ি ও বাইক ভাঙ্গচুর করা হয়েছে বলেও অভিযোগ। একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি-তৃণমূল দু’পক্ষই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে হয়।

জানাগেছে, এদিন বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার প্রচার মিছিল করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী- সমর্থকদের উদ্দেশ্যে কটুক্তি ও গালিগালাজ করা হয়। প্রচারের গাড়িতে রড, লাঠি সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বিজেপি বলে অভিযোগ। তাঁদের লাঠি, রড নিয়ে তেড়ে এসে মারধর করে। যদিও পাল্টা বিজেপির অভিযোগ, তাদের প্রচার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে।
অন্যদিকে আরামবাগের সাংসদ মিতালী বাগ যখন তার গাড়ি নিয়ে আরামবাগের দিকে যাচ্ছিলেন সেই সময় বাঁশ ও রড দিয়ে তার গাড়ির কাঁচ ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। গাড়ির ভাঙ্গা কাঁচ সাংসদের শরীরের বিভিন্ন জায়গায় ঢুকে গিয়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে খবর পেয়ে সাংসদ মিতালী বাগকে যান আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন বোতলে পুরানো মদ।” তিনি বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুড়শুড়া এই চারটি বিধানসভায় তৃণমূলকে জেতান। আরামবাগ জেলায় তৃণমূল সরকার করবে। হঠাৎ খবর পেলাম আমাদের নির্বাচনী সাংসদ মিতালী বাগের উপর সিপিএম হার্মাদরা চড়াও হয়েছে, বাঁশ দিয়ে মেরে গাড়ির কাঁচ ভেঙ্গে দিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গা যেমন হাতে- পা ও কোমরে চোট লেগেছে। আমি আরামবাগ মেডিকেল কলেজে তাকে দেখতে গিয়েছিলাম। আমি এখানে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসিনি। আমি খালি আরামবাগবাসীদের অনুরোধ করবো ২৯ তারিখ যখন আপনারা ভোটটা দেবেন, ১১ সালে যে স্বাধীনতা আরামবাগবাসী পেয়েছিল সেই কথা মনে রেখে আগামী ২৯ তারিখ ভোট দেবেন।
তিনি বলেন, ২০০১, ২০০৪, ২০০৬, সিপিএম হার্মাদরা কী অবস্থা করে রেখেছিল তা আপনারা জানেন। সিপিএমের হার্মাদ গুলো জামা পাল্টে, জার্সি পাল্টে, কাস্তে হাতুড়ি তারা ছেড়ে দিয়ে পদ্ম ফুলে আশ্রয়ে নিয়েছে। সিপিএমের হার্মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। যারা মিতালী বাঘের উপর চড়াও হয়েছে, আক্রমণ করেছে, তাদের শায়েস্তা করার দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। আজকের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে দাবি করে। বিজেপি প্রার্থী এই ঘটনার জন্য গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। তবে ঘটনার পর এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।
গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার তৃণমূলকে আক্রমণ করে বলেন, ওনারা যে পাপ করেছে, গণতন্ত্রের নির্বাচনের উপর যে আক্রমণ করেছে, মানুষের বিশ্বাসের উপর আক্রমণ নামিয়েছে, সেই অপকর্মের কাজকে ঢাকার জন্য তারা মিথ্যা নাটক করছেন। নিজেরাই নিজেদের গাড়ি ভেঙ্গেছেন না কী করেছে সেটা ঈশ্বর জানেন, আর উনি জানেন। তৃণমূল নেত্রী যত বড় অভিনেত্রী, উনিও তত বড়ই অভিনেত্রী।
ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে দাবি করে। বিজেপি প্রার্থী এই ঘটনায় গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। তবে ঘটনার পর এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।
হুগলি গ্রামীন পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, গোঘাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। আরো বেশ কয়েকজনকে আটক করা হবে। ভিডিও দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। আরামবাগের সংসদের উপরে যে ঘটনা ঘটেছে সেটারও আমরা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করেছি, সেই ঘটনায়ও গ্রেপ্তার করা হবে, আমরা তদন্ত করছি।

