আমাদের ভারত, ২৭ এপ্রিল: বুধবার রাজ্যের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। আর এই হাই ভোল্টেজ ভোটের ঠিক আগে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করলো রাজভবন। নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় নাগরিকদের সহায়তা দিতে ২৪ x ৭ হেল্পলাইন চালুর কথা ঘোষণা করা হয়েছে। রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মে পর্যন্ত এই পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে চালু থাকবে।
সাম্প্রতিক সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে নির্বাচনের দিন এবং ভোট পরবর্তী সময়ে হিংসার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অতীতের নির্বাচনগুলিতে রক্তক্ষয়, সংঘর্ষ, প্রাণহানি এবং সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধার মত তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে রাজ্যপাল এই পদক্ষেপ করেছেন বলে মনে করা হচ্ছে। রাজভবনের এই হেল্পলাইন মূলত সেই সব নাগরিকদের মনে সাহস সঞ্চার করবে, যারা নিরাপত্তার অভাব বোধ করছেন।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হেল্পলাইন নম্বরগুলিতে দিন বা রাত যে কোনো সময় ফোন করে ভোট সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। রাজভবনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, অভিযোগ পাওয়ার পর দ্রুত তার নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি সহায়তার পথনির্দেশ দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগকারীর পরিচয় ও যাবতীয় তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।
রাজভবনের বিজ্ঞপ্তিতে নির্বাচনকে গণতন্ত্রের উৎসব হিসেবে বর্ণনা করে রাজ্যবাসীকে কোনো প্রকার ভয় বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে। অতীতে হিংসার ইতিহাসের মাথায় রেখে নির্বাচন কমিশন ইতিমধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। তার পাশাপাশি রাজভবনের এই বিশেষ নজরদারি সাধারণ ভোটারদের মনে বাড়তি আত্মবিশ্বাস জাগাবে বলে মনে করছে অনেকেই। রাজ ভবনের এই বিজ্ঞপ্তি ভোট আবহে সরকারের সমান্তরালে রাজ্যপালের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

