সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ এপ্রিল: কর্মরত অবস্থায় এক সিনিয়র ডাক্তার দ্বারা এক জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ও বিক্ষোভ দেখায়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করলে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সমস্যা দেখা দেয়। জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আসেন। যার ফলে সোমবার রাত থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগের সামনে বিক্ষোভে যোগ দেন।
বিক্ষোভকারী ডাক্তারদের অভিযোগ, সোমবার রাতে একজন সিনিয়র ডাক্তার দায়িত্ব পালনকালে এক জুনিয়র ডাক্তারকে মারধর করেন। এই ঘটনায় তাদের সহকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন।
তাদের স্পষ্ট দাবি, অভিযুক্ত সিনিয়র ডাক্তারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে। মঙ্গলবার সকালেও উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: পঞ্চানন কুন্ডু বলেন, গতকাল রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার সমাধান হয়েছে এবং সব চিকিৎসক কাজে ফিরে গেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।

