আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: সাত সকালে রাস্তার ধার থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমা তাজপুর এলাকায়। আজ, সোমবার সকালে স্থানীয় একটি ক্যাফের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হলে অশোকনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৩০ বছর। দেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় তাতে পচন ধরতে শুরু করেছিল এবং এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সকালে যাতায়াতের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্যাফের পাশে দেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে প্রচুর মানুষ ভিড় জমায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃত মহিলার নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ আশপাশের থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ডায়েরির তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে।
এদিন সকালেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভরসকালে জনবহুল এলাকার একটি ক্যাফের পাশ থেকে এভাবে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

