আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ জুলাই: যশোর রোডে মৃতপ্রায় গাছের ডাল ভেঙ্গে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বনগাঁ শহরের শিকদার পল্লী এলাকায়। মৃত যুবকের নাম বাপন বিশ্বাস (২৫)। তিনি কলকাতায় সোনার গয়নার বাক্স তৈরির কাজে যুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় দুপুরে বাড়িতে খাওয়া- দাওয়া করে মোটর বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন বাপন। বাড়ি থেকে বেরনোর প্রায় এক ঘণ্টার মধ্যেই খবর আসে, তাকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছে জানতে পারেন, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যশোর রোড ধরে বনগাঁর দিকে আসার সময় রাস্তার ধারে থাকা একটি মৃতপ্রায় শিশু গাছের বড় ডাল আচমকাই ভেঙ্গে বাপনের ঘাড়ের উপর পড়ে। প্রচণ্ড আঘাতে তিনি মোটর বাইক থেকে ছিটকে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয় মানুষ দ্রুত তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরেই যশোর রোডের ধারে থাকা একাধিক মৃতপ্রায় গাছ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। এই দুর্ঘটনার পর ফের সেই প্রশ্নই সামনে উঠে এসেছে।
ঘটনার খবর পেয়ে সোমবার মৃত বাপন বিশ্বাসের বাড়িতে যান রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান, যশোর রোডের ধারে থাকা মৃতপ্রায় ও ঝুঁকিপূর্ণ গাছগুলি দ্রুত চিহ্নিত করে কাটার ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একটি ছুটির দিনের সাধারণ বাইক ভ্রমণ যে এভাবে মৃত্যু ডেকে আনবে, তা কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। বাপন বিশ্বাসের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, আত্মীয়- স্বজন এবং গোটা এলাকাজুড়ে।

