দাসপুরে মহিলার গলা কাটা দেহ উদ্ধার

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ:  বুধবার সকালে দাসপুরের কলোড়া বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বিদ্যালয় লাগোয়া কংসাবতী নদী থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহটি বস্তাবন্দি করে নদীর জলে ফেলে পাথর চাপা দেওয়া ছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে নদী বাঁধ দিয়ে কাজে যাওয়ার সময় এক ব্যক্তি জলের মধ্যে মৃতদেহটি দেখতে  পান। তিনিই এলাকার লোকজনদের খবর দেন।
স্থানীয়রা জানান, জলের কিছুটা গভীরে দেহটি দু’পাশ দিয়ে দুটি বস্তায় মুড়ে পাথর চাপা দিয়ে  ডুবিয়ে রাখা ছিল। মহিলার হাতে শাঁখা পলা থাকায় বিবাহিতা বলেই মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই দাসপুর থানার ওসি অমিত মুখার্জি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি দেহটি জল থেকে পাড়ে তোলেন। বস্তা খুলতেই দেখা যায় মহিলার শ্বাসনালী কাটা।  মহিলার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, এটি খুনের ঘটনা। এলাকার গ্রামগুলির বাসিন্দারা যেহেতু মহিলাকে সনাক্ত করতে পারেনি, তাই তাকে অন্যত্র খুন করে এই নদীতে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য  ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আশপাশের সমস্ত থানা ও সিভিক ভলান্টিয়ারদের খোঁজ নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *