দাসপুরে পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুতে উত্তেজনা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ: বুধবার সকালে স্কুল যাওয়ার পথে মেশিন ট্রলির চাকায় পিষ্ট পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে যায় দাসপুরে। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার সময় পুলিশ পৌঁছালে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়।

জানাগেছে, দাসপুর থানার কলমিজোড়ে সাইকেলে করে ব্রাহ্মণবসান হাই স্কুলে যাওয়ার সময় বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারানো একটি মেশিন ট্রলির চাকার সামনে পড়ে গিয়ে গুরুতর জখম হয় নাতাসা পড়িয়া নামে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরই দাসপুরের বেলতলায় টায়ার জ্বালিয়ে, বাঁশ ফেলে গ্রামীণ সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসীরা।

তাদের অভিযোগ, রাস্তা বেহাল হওয়ার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। খারাপ রাস্তায় মেশিন ট্রলির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আজ পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর প্রাণ চলে গেল। দুর্ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলতে গেলে অবরোধকারীর গ্রামবাসীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ছাত্রী মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *