পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৯ মার্চ: সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে এক এবিভিপির ছাত্র নেতাকে পুলিশের সামনেই বেধড়ক মারধর করবার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পাল্টা অঙ্গভঙ্গি করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের উত্ত্যক্ত করার অভিযোগও উঠেছে এবিভিপির ওই নেতার বিরুদ্ধে। ঘটনা নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ধর সহ মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্র কৌশিক সাহার মা কলাবতী সাহা। পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। বুধবার এ ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তপনের আজমতপুর এলাকায়। উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।

তপনের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরের বাসিন্দা উত্তম সাহার ছেলে কৌশিক সাহা। যার বিরুদ্ধেই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোষ্টের অভিযোগ উঠেছে। কৌশিক এবিভিপির সক্রিয় কর্মীর পাশাপাশি উত্তরবঙ্গ জোনের সোশ্যাল মিডিয়ার সহ ইনচার্জের দায়িত্বেও রয়েছেন। জানা যায়, সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে জেলার অনান্য ব্লকের পাশাপাশি তপনেও স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে কলম, জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী তুলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। যা নিয়েই একাধিক কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে এবিভিপির ওই ছাত্র নেতা বলে অভিযোগ। যা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের সাথে ওই ছাত্র নেতার বচসা। চলে উভয়ের মধ্যে নানা হুঁশিয়ারিও। এই ঘটনার পরেই এদিন তৃণমূল ছাত্র পরিষদের বেশকিছু নেতা কর্মীরা সশস্ত্র অবস্থায় কৌশিক সাহার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। তাকে মারধরের পাশাপাশি তার বাড়ির লোককেও মারধর করে ওই তৃণমূল নেতা কর্মীরা বলে অভিযোগ। যার পরেই ঘটনা জানিয়ে তপন থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন কৌশিকের পরিবার। যেখানেই তপনের ব্লক সভাপতি সুব্রত ধর সহ মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত এবিভিপি ছাত্র নেতার পরিবার। পাল্টা এই ঘটনা নিয়ে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।

আক্রান্ত এবিভিপি ছাত্র নেতা কৌশিক সাহা বলেন, তাকে মারধর করে খুনের হুমকি দেওয়া হয়েছে। রেয়াত করা হয়নি তার পরিবারের লোকেদেরও। অভিযুক্তদের গ্রেপ্তার চান তিনি।
তৃণমূলের তপন ব্লক সভাপতি সুব্রত ধর বলেন, তাদের দলের কর্মকান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেছে ওই ছাত্র নেতা। অশ্লীল গালিগালাজও করা হয়েছে তাদের। মারধরের অভিযোগ ভিত্তিহীন। তাদের তরফ থেকেও ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তপন থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

