মোদীর নিরাপত্তা ইস্যুর মামলা থেকে সরে দাঁড়ান, খালিস্তানি হুমকির মুখে আইনজীবী- বিচারপতিরা

আমাদের ভারত, ১০ জানুয়ারি: ক্রমশই বাড়ছে রহস্য। প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ দেখানোর ঘটনাকে ঘিরে নয়া অভিযোগ উঠল। সোমবারই ঘটনার তদন্তের জন্য নিরপেক্ষ চার সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর ঐদিন সকাল থেকেই সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীর কাছে হুমকির ফোন এসেছে বলে অভিযোগ। সবকটি ফোনের মূল কথা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি মামলা থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। এমনকি বিচারপতিদেরও সতর্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই রকম হুমকির ফোন পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দীপক প্রকাশ নামে এক আইনজীবী।

ওই আইনজীবীর কথায়, ফোনে উস্কানি মূলক কথাবার্তা বলা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। অভিযোগ, সকাল সাড়ে দশটা নাগাদ একাধিক আইনজীবী ফোন পান। ফোনগুলি করেছিল নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন শিখ ফর জাস্টিসের সদস্যরা। তাদের দাবি, ওইদিন পঞ্জাবের রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলো খালিস্তানি জঙ্গি সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী শিখ কৃষকদের ওপর অত্যাচার করেছে। তাই বিচারপতিদের মোদীকে সাহায্য করা উচিত নয়।

বিচারপতি এবং আইনজীবীদের এই মামলা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ওই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা। নিজের অভিযোগে দীপক বাবু লিখেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাকে হাতিয়ার করে হিংসা ছাড়াতে চাইছে শিখ ফর জাস্টিসের সদস্যরা।

সকাল থেকে সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের ফোন পেয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সংগঠনের ট্রেজারার নিখিল জৈন। উত্তর প্রদেশ সরকারের এক আইনজীবীও লন্ডন থেকে একই ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। তাকে ফোন করে বলা হয় বিচারপতিরা যেন প্রধানমন্ত্রীর এই মামলা থেকে সরে দাঁড়ান। একই রকম ফোন পেয়েছিলেন মহারাষ্ট্র সরকারের হয়ে আদালতে লড়াই করা এক আইনজীবীও। তাঁর দাবি, ব্রিটেনের একটি নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে। তারা উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। নাহলে বড়োসড়ো অশান্তির কালোমেঘ ঘনাবে বলে আশঙ্কা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *