বীজপুরের প্রাক্তন বাম বিধায়কের পুত্রবধূ সদলবলে সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে যোগ দিলেন গেরুয়া শিবিরে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জানুয়ারি: “ভোটের ডঙ্কা বাজতে দিন, বহু তৃণমূল নেতা বিজেপিতে আসার জন্য লাইনে আছেন। তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে টিকিটের জন্য আসতে চাইলে দলে তো নেওয়া হবে কিন্তু টিকিট অত সহজে দেওয়া হবে না।” ফের একবার তৃণমূল দলে ভাঙ্গনের কথা হুঙ্কারের সুরে বললেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংসদ’ অর্জুন সিংয়ের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করলেন বীজপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক জগদীশ দাসের পুত্রবধূ সোমা দাস। এদিনের এই পালা বদলের অনুষ্ঠানে সাংসদ বলেন, বামপন্থী পরিবার থেকে সোমা দেবী বিজেপিতে যোগ দিলেন। ফলে বীজপুরে দল কিছুটা শক্তিশালী হল। তিনি এও বলেন “তৃণমূল থেকে টিকিট না পাওয়া বিদায়ী কাউন্সিলর কিংবা নেতারা বিজেপিতে যোগ দিলে কর্মী হিসেবে কাজ করতে হবে। আমরা সাংগঠনিক দিক থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে এমন ব্যক্তিদের দলে নেবো। যারা তৃণমূল আর পুলিশের অত্যাচার সহ্য করতে পারবে তাদের সামনে এনে আমরা লড়াই করবো।”

সদ্য বিজেপিতে যোগ দেওয়া সোমা দেবী বলেন, তিনি রাজনীতি করতেন না। পরিবার বামপন্থার সঙ্গে যুক্ত। তবে আগামীদিনে বীজপুরে বিজেপি ঘুরে দাঁড়াবে। মোদীজির উন্নয়নমূলক কর্মকান্ডে দেখেই তার এই যোগদান। এদিনের পালাবদল অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *