আমাদের ভারত, ২৩ অক্টোবর: পুজো মিটতেই, পুরো ভোট নিয়ে তোড়জোড় শুরু পদ্ম শিবিরে। প্রার্থী কারা হবে তা নিয়েও জল্পনা তুঙ্গে। হাওয়ায় ভাসছে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাহলে কি তাদের টিকিট দেবে পদ্ম শিবির? এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কী বললেন?
বিজেপি নেতার কথাতে স্পষ্ট ইঙ্গিত, তৃণমূলের কোনো কাউন্সিলর টিকিট পাবেন না পুরো ভোটে। পৌরসভা নিয়ে বিজেপির বৈঠক শুরুর আগে সুকান্ত মজুমদার বলেছেন, টিকিট দেওয়া তো দূর আমি চাই না ওখান থেকে কেউ দলে আসুক। আর শমীক দা যখন বলেছেন নো এন্ট্রি তখন সেটাই। এরপর বাকি সিদ্ধান্ত দলের হাতে।
অন্যদিকে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার দাবি করেছেন, তাতে কোনো লাভ হবে না বিরোধীদের। সুকান্ত মজুমদারের কথায়, কানা- খোড়ার গল্প আমরা সকলেই জানি। একজন দেখতে পায় না, একজন হাঁটতে পারে না। দু’জন একসঙ্গে হয়। এবার এখানে কে কার ঘাড়ে উঠবে আমি বলতে পারব না।
পুরো ভোটের আগে দলবদলের জল্পনা চলছে। তৃণমূলের তিন নেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাসকে ঘিরে। এই প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেছিলেন তৃণমূলের কোনো কাউন্সিলের বিজেপির টিকিট পাবে না। ওদের শুভ বিজয়া। মানুষ বিজেপিকে নির্বাচনে জয়ী করে রাজ্যে ক্ষমতায় এনেছে, এটা শুধুমাত্র জামার পরিবর্তন না। ভিতরের মানুষটার পরিবর্তনের জন্য।

