Bankura, স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের ২৪ ঘন্টার মধ্যেই মৃ*ত্যু স্ত্রীর

আমাদের ভারত, বাঁকুড়া, ৮ আগস্ট: স্বামীর শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পরের দিন ভোরে ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো স্ত্রী-র। বাঁকুড়া সদর থানার নড়রা গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে এই ঘটনা ঘটে। মৃতার নাম মালতি ছাতাইত (৮০)।আজ ভোর চারটে নাগাদ মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মালতি দেবীর। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মাটির দেওয়াল সরিয়ে মালতি দেবীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মালতী দেবীকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানাগেছে যে, শুক্রবার মালতী দেবীর স্বামী গোপাল ছাতাইতের শ্রাদ্ধের কাজ ছিল। সেই কারণে বাড়িতে আত্মীয় স্বজনরা এসেছিলেন। তাই রাতে মালতী দেবী মাটির বাড়ির বারান্দায় ঘুমিয়েছিলেন। শনিবার ভোরের দিকে আচমকা মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে তার ওপর। পরিবারের লোকজন মাটির স্তূপ সরিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় মালতি দেবীর। খবর দেওয়া হয় স্থানীয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মালতী দেবীর দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবাস যোজনা প্রকল্পের তালিকায় মালতী দেবীর নাম ছিল। কিন্তু পরবর্তীতে মালতী দেবীর ছেলে স্কুল শিক্ষকের চাকরি পাওয়ায় তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে। গ্রামবাসীদের বক্তব্য, পাকা বাড়ি হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *