TMC, BJP, Goghat, তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের বর্মা, এলাকায় পুলিশ মোতায়েন

আমাদের ভারত, আরামবাগ, ৮ আগস্ট: আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোঘাটের বর্মা। শুক্রবার রাতে তৃণমূল- বিজেপি সংঘর্ষের ঘটনায় জখম ৫। আক্রান্তরা সকলেই বিজেপি কর্মী বলে শাসক দলের দাবি। বিজেপি করার কারণে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ।

জানাগেছে, দুই দলের কর্মীদের মধ্যে শুক্রবার বিকেলে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে মারপিট হয়। এরপর সন্ধ্যায় বিজেপি কর্মীদের লোহার পাইপ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের উদ্ধার করে গোঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। এলাকায় তৃণমূলের লতিবুর হামজা ওরফে গোপালের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মীদের।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের একদিন আগে প্রচার চলাকালীন বিজেপি- তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল বর্মা। গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই গোঘাট হাসপাতালের সামনে আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙ্গচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার পর শুক্রবার রাতে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বর্মায়। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *