BMS, Habra, তোলাবাজি ও হুমকির অভিযোগে সভাপতি বহিষ্কার, হাবড়া-১ ব্লকে বিএমএসের নতুন কমিটি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ আগস্ট: ভুয়ো কমিটি বিতর্কের অবসান, রাজ্যের নির্দেশে অনুমোদিত কমিটি প্রকাশ। তোলাবাজি ও হুমকির মতো গুরুতর অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলা বিএমএসের সভাপতি অরুণাভ পোদ্দারকে বহিষ্কারের পর থেকেই সংগঠনের হাবড়া-১ নম্বর ব্লক কমিটি নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা। অবশেষে রাজ্য নেতৃত্বের নির্দেশে সেই বিভ্রান্তির অবসান ঘটিয়ে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)- এর হাবড়া-১ নম্বর ব্লকের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিএমএসের নতুন নেতৃত্বের দাবি, এর আগে যে কমিটি প্রকাশ্যে এসেছিল, সেটি সংগঠনের অনুমোদিত কমিটি নয়। ওই কমিটিকে ‘ভুয়ো ও ভিত্তিহীন বলে দাবি করে নতুন নেতৃত্ব জানিয়েছে, রাজ্য নেতৃত্বের নির্দেশ ও অনুমোদন অনুযায়ীই হাবড়া-১ নম্বর ব্লকে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, বিজেপির গাইঘাটা ৩ নম্বর মণ্ডল সভাপতি শৈলেন সরকার এবং যুব মোর্চার মণ্ডল সভাপতি বাবুসোনা সিংহের নেতৃত্বে হাবড়া-১ নম্বর ব্লকে বিএমএসের একটি সমান্তরাল কমিটি গঠনের অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের কর্মী- সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরবর্তীতে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন কমিটি গঠন করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পরদিনই সংগঠনের কার্যক্রমে সক্রিয় হতে দেখা যায় বিএমএস নেতৃত্বকে।

এদিন সকালে বিএমএসের প্রতিনিধি দল এবং স্থানীয় অটো ও টোটো চালকদের একটি দল মছলন্দপুর তদন্ত কেন্দ্রে গিয়ে ইনচার্জ দিব্যেন্দু ঘোষের হাতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

বিএমএস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, এলাকার অটো ও টোটো চালকদের স্বার্থরক্ষা, তাঁদের বিভিন্ন সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করা হবে। পাশাপাশি সংগঠন নিয়ে ভবিষ্যতে যাতে কোনও ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে নতুন কমিটির সদস্যদের নাম ও পদ- সহ তালিকাও তুলে দেওয়া হয়। নতুন কমিটি গঠনের পর হাবড়া-১ নম্বর ব্লকে বিএমএসের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে দাবি সংগঠনের নেতৃত্বের। একই সঙ্গে বিতর্কিত কমিটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, নতুন কমিটি প্রকাশের মধ্যে দিয়ে তার অবসান হয়েছে বলেও দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *