পণের টাকার জন্য স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী, চাঞ্চল্য জীবনতলায়

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৬ সেপ্টেম্বর: পণের টাকার জন্য বিয়ের পর থেকে লাগাতার স্ত্রীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার গুট্রি এলাকায়। মৃতার নাম রুনা সর্দার(২৬)। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তাঁর স্বামী খোকন সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই রুনার বাপের বাড়ির সদস্যরা এ বিষয়ে সোমবার জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে খোকনকে। অন্যদিকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত ৯ টা নাগাদ রুনাকে ঝুলন্ত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে স্থানীয় খুচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

রুনার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, আট বছর আগে বিয়ে হয়েছিল খোকন ও রুনার। কিন্তু বিয়ের পর থেকেই পণের টাকার অন্য রুনার উপর খোকন মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। প্রায় দিনই সংসারে অশান্তি, ঝামেলা শুরু হয়। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই রুনা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *