রাজেন রায়, কলকাতা, ৬ সেপ্টেম্বর: স্নাতক স্তরে ভর্তি সংক্রান্ত জটিলতা। এই নিয়ে ছাত্রী বিক্ষোভে মারাত্মক রণক্ষেত্রের আকার নিল দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজ। বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, যোগমায়া দেবী কলজে ভর্তির জন্য দ্বিতীয় তালিকায় নাম থাকা সত্ত্বেও ভর্তি হতে পারছেন না। এই দাবি তুলে কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল ছাত্রী। একই সময় দেশবন্ধু কলেজের ছাত্রীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। কলেজের টিউশন ফি মকুবের দাবি তুলে বিক্ষোভ দেখান ছাত্রীরা।
কয়েকদিন আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্নাতক ও স্নাতোকত্তর স্তরের সমস্ত পড়ুয়াদের টিউশন ফি মকুব করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরও দেশবন্ধু কলেজ কর্তৃপক্ষ সেই ফি মকুব করেনি বলে অভিযোগ। সেই কারণ দেখিয়ে রাসবিহারী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা।

অন্যদিকে যোগমায়া দেবী কান্ডে কলেজ কর্তৃপক্ষের দাবি, বিষয়টি নিয়ে ডেপুটি উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সংখ্যা বৃদ্ধির কথা ভাবা হবে। সূত্রের খবর, যোগমায়া দেবী কলেজে প্রথম মেধাতালিকা অনুযায়ী ইতিমধ্যেই ভর্তির কাজ শেষ। সোমবার থেকে দ্বিতীয় তালিকা অনুযায়ী ভর্তি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যে সকল ছাত্রী দ্বিতীয় তালিকা অনুযায়ী ভর্তির ডাক পেয়েছিলেন, তাঁরা এসে দেখেন যে আসন সংখ্যা পূর্ণ দেখাচ্ছে। অথচ ভর্তির এসএমএস তাঁদের কাছে এসেছে। কিন্তু তাঁরা ভর্তি হতে পারছেন না। এই নিয়েই অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখানো হলে তিনি সহ-উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দেন। আসন খালি থাকার কারণেই ভর্তির এসএমএস তাঁদের কাছে এসেছে, তাই নিয়ম মতো ভর্তির প্রক্রিয়া শুরু করা হোক। কিন্তু তা মানতে নারাজ কর্তৃপক্ষ।
একই সময়ে ছাত্র পরিষদের বিক্ষোভে অগ্নিগর্ভের আকার নেয় রাজভবনের সামনের চত্বর। একাধিক নিয়োগের পরীক্ষায় কারচুপির অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এরপরই বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। এর পাশাপাশি ক্যাম্পাস চালু করার দাবিতে বিক্ষোভ দেখায় কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও।

