রাজেন রায়, কলকাতা, ৮ নভেম্বর: এর আগেও শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিল বিজেপি। এত কেন্দ্র থাকতে কেন বেছে বেছে ওই কেন্দ্রে ভোট হচ্ছে, তা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। আর এবার কলকাতা হাওড়া পুরভোট আগে করানো নিয়ে ফের সরব বিজেপি নেতৃত্ব।
বাকি পুর নিগমগুলিতে কেন ভোট হচ্ছে না, সেই প্রশ্নই উঠে এল জনস্বার্থ মামলায়।
বিধানসভা নির্বাচনের আগেই এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পুরভোটে কেন এত দেরি হচ্ছে, সেই প্রশ্নই উঠে এসেছিল। আজ ফের সেই মামলা সামনে এসেছে। সেই সময় হাইকোর্টের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, যাতে কোনও পদক্ষেপ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি দেয়নি রাজ্য নির্বাচন কমিশন, ফলে ২০১৮ সালে মেয়াদ শেষ হলেও পুরভোট এখনও হয়নি।
রাজ্যে ১১৬ টি পুরসভা, পুর নিগম থাকা সত্ত্বেও মাত্র দুটি পুর নিগমের ভোটের জন্য কেন চিঠি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীর আইনজীবী। মামলায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে কপি দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৭ নভেম্বর ফের এই মামলার শুনানি হবে।
উল্লেখ্য, কলকাতা ও হাওড়া ছাড়া ১১৪ টি পুরসভার ভোট বাকি। কলকাতা এবং হাওড়ায় আগামী ১৯ ডিসেম্বর পুরভোট করতে চেয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।
উল্লেখ্য, রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে পুরভোট হয়। এ দিকে, ওই ইস্যুতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপিও। সব পুরসভায় এক সঙ্গে ভোট চায় বিজেপি। খুব তাড়াতাড়ি এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

