হিজাব পরে কেন ক্লাসে? বিরোধিতায় গেরুয়া স্কার্ফ পরে কলেজে এলো পড়ুয়ারা

আমাদের ভারত, ৫ জানুয়ারি: কেন হিজাব পরে ক্লাস করবে মুসলিম ছাত্রীরা? এর বিরোধিতায় বুধবার গলায় গেরুয়া স্কার্ফ ঝুলিয়ে বিক্ষোভে শামিল হল কর্নাটকের কোপ্পা জেলার বেলাগাভি গ্রামের কলেজের একদল পড়ুয়া।

ওই কলেজের পড়ুয়াদের বক্তব্য, যদি মুসলিম ছাত্রীদের ক্লাসের মধ্যে হিজাব পরার অনুমতি দেওয়া হয়, তবে তাদেরকেও গলায় গেরুয়া স্কার্ফ পরার অনুমতি দিতে হবে।

বছর তিনেক আগেও এই একই কলেজের মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর আবারও দিন কয়েক আগে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিরোধিতা করে একদল পড়ুয়া। নতুন করে সেই একই প্রশ্ন ওঠায় চলতি সপ্তাহে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডেকেছিল কর্তৃপক্ষ। বৈঠকের পর সব পড়ুয়াকে যে কোনো ধরনের পোশাক পরে ক্লাস করার অনুমতি দেওয়া হয় কলেজের তরফে। কিন্তু বিষয়টির সঙ্গে একমত না হওয়ায় আবার বিক্ষোভ দেখায় কলেজের বেশকিছু পড়ুয়া।

কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, “সব ঠিকঠাক চলছিল কিন্তু, বুধবার একদল পড়ুয়া, গেরুয়া স্কার্ফ পরে ক্লাসে ঢোকে এবং ক্লাসে আসা অন্য পড়ুয়াদের পোশাক নিয়ে আপত্তি তোলে।”

সম্প্রতি একই ঘটনা ঘটেছে কর্নাটকের উডুপ্পিতে। সরকার নিয়ন্ত্রিত কলেজেও মুসলিম পড়ুয়াদের হিজাব পরে ক্লাস করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *