ছবি: প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
রাজেন রায়, কলকাতা, ৭ সেপ্টেম্বর: ভবানীপুরের উপনির্বাচনে তাঁরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যদিও মমতার বিরুদ্ধে প্রার্থী কে হবেন সেটা নিয়ে বঙ্গ বিজেপি কার্যত হিমশিম। দিলীপ ঘোষ নিজেই বলেছেন, ভবানীপুরে প্রার্থী হওয়ার জন্য অনেককে অনুরোধ করা হলেও কেউ সাড়া দিচ্ছেন না। মঙ্গলবার হেস্টিংসের বিজেপি অফিসে টানা বৈঠকের পর অবশেষে ৬ জনের নাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বেরর কাছে পাঠাল বঙ্গ বিজেপি।
উল্লেখযোগ্যভাবে এই তালিকায় রয়েছেন তথাগত রায়। যিনি এদিনই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী খোঁজা নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করে টুইট করেছেন। আর কারা রয়েছেন এই প্রাথমিক প্রার্থী তালিকায়?
তথাগত রায় ছাড়াও বিধানসভা ভোটে শোভনদেবের বিরুদ্ধে দাঁড়ানো রুদ্রনীল ঘোষের নাম ফের মনোনীত করেছে রাজ্য বিজেপি। তাছাড়া রয়েছেন একুশের ভোটে বোলপুরে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গাঙ্গুলি। এছাড়া নাম প্রস্তাব করা হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ সরকার এবং প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের।
উল্লেখ্য, বিজেপির একনিষ্ঠ কর্মী অভিজিৎ সরকারকে ভোট পরবর্তী পরিস্থিতিতে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে। বিজেপির একাংশ শহিদ পরিবারের কোনও সদস্যকে উপনির্বাচনে প্রার্থী করতে মতদান করেন। সে জায়গা থেকেই অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করল রাজ্য বিজেপি।
তাছাড়া ২০১৪ সালে বিজেপিতে যোগ দেওয়া আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম রাখাও তাৎপর্যপূর্ণ। কারণ, রাজ্য বিজেপির একাংশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে একজন মহিলাকে প্রার্থী করার ব্যাপারে জোর দেন। এই প্রেক্ষিতে প্রথমে ভেসে উঠেছিল একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার ভারতী ঘোষ। কিন্তু বিজেপি নেত্রী ভবানীপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি বলে খবর। সেই জায়গায় নির্বাচনে পর আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে আদালতে লড়াই করে সিবিআই তদন্তের দাবি জানানো আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নাম প্রস্তাব করা হয়েছে।

