বাধা উপেক্ষা করে নিজের জায়গায় বাড়ি নির্মাণ, বিজেপি কর্মীর দুই ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: বিজেপি কর্মীর দুই ছেলেকে মারধর করল তৃণমূল কর্মী সমর্থকরা এমনই অভিযোগ মেদিনীপুর সদর ব্লকের বিশরা গ্রামের বিজেপি কর্মী শ্রীদাম মন্ডলের। জানা গেছে গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই শ্রীদামবাবুর একটি বাড়ি তৈরির কাজ চলছিল। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বাড়ি নির্মাণে বাধা দেয় এলাকার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, তৃণমূল কর্মীদের বাধা না মেনে বাড়ি তৈরীর কাজ করায় বিজেপি কর্মী শ্রীদাম মন্ডলকে মারধর করতে গিয়েছিল স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। বাড়িতে শ্রীদাম মন্ডলকে না পেয়ে তার দুই ছেলেকে মারধর করে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। আহত ২ ছেলে বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সভাপতি অরূপ দাস বলেন,  শ্রীদামবাবু তার জায়গায় একটি ঘর তৈরি করছিলেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তা গায়ের জোরে বন্ধ করে দেয় তৃণমূলের লোকজন। সেই বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করার পর শ্রীদাম বাবুকে মারধর করতে যায় তৃণমূল কর্মীরা। কিন্তু তাকে বাড়িতে না পেয়ে তার দুই ছেলেকে ব্যাপক মারধর করা হয়। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সামন্ত জড়িত থাকায় তাকে সহ ৮ জনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ পদক্ষেপ করছে না।

তৃণমূলের ব্লক সভাপতি মুকুল সামন্ত বলেন, এখানে তৃণমূলের কোনও ভূমিকা নেই। সরকারি রাস্তার ওপর ঘর তৈরি করায় গ্রামবাসীরা শ্রীদাম বাবুকে বাধা দেয়। এ ঘটনার সঙ্গে দল কোনও ভাবেই জড়িত নয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *