সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: তপন কান্দু খুনের সিবিআই তদন্ত চলাকালীনই উপ নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ। এরপর থেকেই প্রশ্ন উঠল ঝালদা পুরসভায় তপন কান্দুর বদলে কে? উপ নির্বাচন কার্যত ত্রিমুখী লড়াই হচ্ছে। ঝালদার পুরসভা উপনির্বাচনে প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুকে দাঁড় করাচ্ছে তারা। আজ মনোনয়ন পত্র জমা দেন মিঠুন। তিনিই প্রয়াত কাকার হয়ে লড়াই করবেন বলে জানান। তৃণমূল, বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রার্থী দেবে না ফরওয়ার্ড ব্লক।

ঝালদার দলীয় পার্টি অফিসে বামফ্রন্টের বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান, ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা জয়পুরের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো। ওই বৈঠকে সিপিএম নেতা হেমন্ত চ্যাটার্জি, সন্দীপ ব্যানার্জি সহ দলের স্থানীয় নেতৃত্বের একাংশের উপস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের ঝালদা লোকাল কমিটির সম্পাদক দেবরঞ্জন মাহাতো বলেন, “এক সময়ের সহযোদ্ধাকে সম্মান জানাতেই আমরা ওই আসনে কোন প্রার্থী দিচ্ছি না। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু একসময় ফরওয়ার্ড ব্লকের সক্রিয় কর্মী ছিলেন। পরে বিজেপি এবং শেষে কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হন তপন। নির্বাচনের ফল বেরনোর কয়েকদিনের মাথায় খুন হওয়ায় ওই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই উপনির্বাচন।”

অন্যদিকে, আজ শেষ দিনে ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওই উপনির্বাচনে বিজেপি থেকে মনোনয়ন দাখিল করেন পরেশ চন্দ্র দাস। আগের দিনই জগন্নাথ রজক মহকুমাশাসকের কার্যালয়ে তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রসঙ্গত, ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে প্রাণ কেড়ে নেয় তপন কান্দুর। তিনি ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন। শপথ গ্রহণের আগেই নিহত হন তিনি। খুনের তদন্ত চলছে। সিবিআই তদন্তের মধ্যেই এই উপ নির্বাচন হবে চলতি মাসের ২৬ তারিখ।

