‘কেকে স্যারের’ অকাল প্রয়াণের সঠিক তদন্তের দাবি এবিভিপি’র

আমাদের ভারত, ২ জুন: সঙ্গীত শিল্পী কেকে’র এই অকাল মৃত্যুর দায় কার? এই প্রশ্ন তুলে এই মৃত্যুর সঠিক তদন্তের দাবি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।

বৃহস্পতিবার সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্ত রাজ্য সম্পাদক সঙ্গীত ভট্টাচার্যর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “শিল্পীর কখনো মৃত্যু হয় না। তারা তাদের সৃষ্টির মধ্যেই অমর। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্যাথের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা এবং পরিবার প্রিয়জন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে নজরুল মঞ্চের অনুষ্ঠানটিকে উদ্দেশ্য করে কিছু প্রশ্ন রাজ্য সরকার ও তার দলদাস প্রশাসনকে করতে চাই।

২ হাজার দর্শক ক্যাপাসিটির জায়গায় ৬-৭ হাজার দর্শক অনুষ্ঠান হলে ঢুকলো কিভাবে? অনুষ্ঠান স্থলে টিএমসিপি’র দুই গোষ্ঠী ঢিল ইট-পাটকেল ছুঁড়ে যখন একে অপরের সঙ্গে সংঘর্ষে ব্যস্ত ছিল তখন পুলিশের কি ভূমিকা ছিল? হঠাৎ আগুন নেভানোর যন্ত্র ব্যবহার করে কেনো হলের ভেতরে কার্বন ডাই অক্সাইড কেন ছড়ানো হলো? কেন সাতটা দরজার মধ্যে পাঁচটায় খোলা হল? বাতানুকূল যন্ত্র কেন বন্ধ করে দেওয়া হয়েছিল? গায়ক বারবার মঞ্চের লাইট গুলো নেভানোর কথা বলছিলেন, ঘেমে যাচ্ছিলেন, মঞ্চ থেকে জটলা সরাতে বলছিলেন তারপরও কেন মঞ্চে ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলো? সেই সময় প্রোগ্রামের উদ্যোক্তরাই বা কোথায় ছিলেন?

এখন তো কলেজে কোনো ছাত্র সংসদ নেই, বহুবছর ছাত্র সংসদ নির্বাচন হয় নি। তাহলে কলেজের এই ফেস্টকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা কারা খরচ করলো? সেই টাকার উৎসই বা কি? নজরুল মঞ্চে এমনই বিশৃঙ্খলা হয়েছিল যে গুরুদাস কলেজ এর কিছু অধ্যাপকও অস্বস্তির কারণে বেরিয়ে গিয়েছিলেন। এই সব কিছুর পরেও কারা শিল্পীকে দিয়ে প্রোগ্রাম চালিয়ে যেতে বাধ্য করলেন?

সংস্কৃতির শহর কলকাতায় তৃণমূলী শাসনে যে অপসংস্কৃতি ছায়া পড়েছে তার জলজ্যান্ত উদাহরণ কেকে স্যারের অকাল প্রয়াণ। তৃণমূলী শাসনে শিল্পকে তাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে শিল্পপতি বিমুখ করা হয়েছে, ঠিক একইভাবে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে দিয়ে শিল্পীর যে অকাল মৃত্যু ঘটলো তাতে হয়তো আগামী দিনে আমাদের রাজ্য শিল্পী বিমুখও হয়ে উঠবে‌।

তাই রাজ্যকে বাঁচাতে এবং শিল্পী কেকে প্রকৃত শ্রদ্ধা জানাতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের অনুরোধ চলুন আমরা একসাথে প্রশাসনের কাছে কেকে স্যারের এই অকাল প্রয়াণের সঠিক তদন্তের দাবি জানাই। এবং এই অব্যবস্থা এবং কর্তব্যে গাফিলতির সঙ্গে যুক্ত সকল দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *