কল্যাণীতে নদিয়া জেলা কার্যালয় উদ্বোধন করল স্বরাজ ইন্ডিয়া, শুভেচ্ছা যোগেন্দ্র যাদবের

আমাদের ভারত, ২ জুন: কল্যাণী শহরে স্বরাজ ইন্ডিয়া’র নতুন নদিয়া জেলা কার্যালয়ের উদ্বোধন হল বৃহস্পতিবার। কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব। উদ্বোধনী অনুষ্ঠানে তামিলনাড়ু থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ও শুভেচ্ছা জানান স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি কৃষ্টিনা স্বামী ও দিল্লি থেকে স্বরাজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব। এছাড়াও ইন্দোর থেকে ভার্চুয়ালি ছিলেন ভারতীয় হকি টিমের খেলোয়াড় মির রঞ্জন নেগি।

দলীয় কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা, দলের রাজ্য সম্পাদক রাম বচ্চন, রাজ্য সভাপতি কল্যাণ সেনগুপ্ত, অল ইন্ডিয়া শ্রমিক স্বরাজ কেন্দ্রের রাজ্য সভাপতি ভোলা প্রসাদ যাদব, মহিলা স্বরাজের রাজ্য সভাপতি সুফিয়া খাতুন, ধ্রুব মুখার্জি দলের নদিয়া জেলা কার্যনির্বাহী সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রঃ মানস পন্ডিত, স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত শ্রী অনুপম পাল, ভারত বিখ্যাত মাউথ অর্গান বাদক শ্রী সমীর মুখার্জি, ডঃ শুভাশিস গুপ্ত ও বহু রাজ্য, জেলা ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

অভীক সাহা বলেন, “নদিয়া জেলায় আমরা কৃষকদের নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি। এই কার্যালয় সেই কাজে সাহায্য করবে। আগামী দিনে আমাদের দল ও সবকটি শাখা সংগঠন সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকবে। প্রতিটি অধিকারের লড়াইয়ে মানুষকে সঙ্ঘবদ্ধ করে রাস্তায় নেমে শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলন করবে।”

শ্রী ধ্রুব মুখার্জি বলেন, “দেশ এবং রাজ্যজুড়ে মানুষের জন্য স্বরাজ ইন্ডিয়ার কাজ ও আন্দোলনের প্রতি নদিয়া জেলাবাসীর আগ্রহ দ্রুত বেড়ে চলেছে। প্রচুর মানুষ দল ও শাখা সংগঠনের সাথে উৎসাহের সাথে যুক্ত হতে চাইছেন। তাই এই কার্যালয়ের প্রয়োজন ছিল।” তিনি আরও বলেন, “স্বরাজ ইন্ডিয়া, জয় কিষাণ আন্দোলন ও অন্যান্য শাখা সংগঠন দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য স্বার্থে কাজ করে চলেছে ও নিরন্তর কাজ করে চলবে। সর্বস্তরের মানুষের যে কোনো সাহায্যের জন্য এই দলীয় দপ্তর উৎসর্গীকৃত ও উন্মুক্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *