আমাদের ভারত, ২১ ডিসেম্বর:
রাজ্যে বিরোধী দল কারা? পরিকল্পনামাফিক ভোটারদের মধ্যে এই ধোঁয়াশাই তৈরি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। পুরভোটের ফল বিশ্লেষণ করতে গিয়ে এমনটাই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা পুরভোটে বামেদের থেকে ভোট শতাংশ পিছিয়ে থাকলেও রাজ্য বিজেপি সভাপতির দাবি তারাই আসল বিরোধী এই রাজ্যে।
সুকান্ত মজুমদার বলেন, সমস্ত তৃণমূল নেতারা কলকাতা পুরভোটে বামেদের উত্থানকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, “আসলে নিজেদের লেখা যাত্রাপালা সফল হলে পরিচালক তো খুশিই হবেন। এই রাজ্যে কে বিরোধীদল তা নিয়ে বিরোধী ভোটারদের কাছে ধোঁয়াশা তৈরি করতে এটা করা হয়েছে।”
সুকান্ত মজুমদারের দাবি, “এটা আসলে পরস্পরের পিঠ চাপড়ানো। বামেরা বিধানসভা নির্বাচনে নো ভোট ফর বিজেপি বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছিল। তার প্রতিদান হিসেবে এবার তৃণমূল বামেদের সাহায্য করেছে। যে সমস্ত বুথে ছাপ্পা হয়েছে সেখানে তিনটে ছাপ্পা তৃণমূলে দিলে দু-একটা সিপিএম পড়েছে।”
সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে কে আসল বিরোধী? এই দিয়ে পরিকল্পনামাফিক ধোঁয়াশা তৈরীর চেষ্টা চলছে, যাতে তৃণমূল বিরোধী ভোটভাগ হয়ে যায় এবং তৃণমূল সহজেই ক্ষমতায় আসতে পারে। কিন্তু গ্রামেগঞ্জে যখন ভোট হবে তখন বুঝতে পারবেন আসল বিরোধী কে?
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান ৬৬ নম্বর ওয়ার্ডের রেকর্ড ৬২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। এই বিপুল ব্যবধানে জয়কে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ফৈয়াজ ভাই যখন এত জনপ্রিয় তাকে মেয়র করা উচিত। নিদেন পক্ষে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক। পুরভোটে তিনি রেকর্ড গড়েছেন। এমন জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই।
মঙ্গলবার কলকাতা পুরসভার ফল অনুযায়ী ১৪৪ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ১৩৪ টি। আর বিজেপি পেয়েছে ৩টি। বাম ও কংগ্রেস পেয়েছে ২টি করে আসন। ভোট শতাংশের নিরিখে বামেদের থেকে পিছিয়ে রয়েছে বিজেপি। বামেরা ১২% ভোট পেয়েছে বিজেপি পেয়েছে ৯ শতাংশ ভোট।

