মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাওয়ার সময় পাঁচলায় দুর্ঘটনায় মৃত্যু মায়ের

আমাদের ভারত, হাওড়া, ২১ ডিসেম্বর: মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাঁচলা থানার জুজারশা এলাকার গৃহবধূ শম্পা মান্না (৪৮)। কিন্তু তিনি তার কথা রাখতে পারলেন না। মেয়েকে স্কুলে ভর্তি করাতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। শোকের ছায়া পরিবারে।

জানা গেছে, মঙ্গলবার গৃহবধূ শম্পা মান্না ছোট মেয়েকে স্থানীয় কুলডাঙা বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানোর জন্য মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। স্থানীয় সূত্রে খবর, মেয়েকে নিয়ে গৃহবধূ ধূলাগড় সিদ্ধেশ্বরী রাস্তা দিয়ে যাওয়ার সময় পলাশতলা কালী মন্দিরের কাছে পিছন দিক থেকে আসা একটি লরি তাঁকে ধাক্কা মারে। দুঘটনায় মহিলার চাদর লরিতে আটকে যায়। সেই অবস্থায় মহিলা বেশ কয়েক মিটার যাওয়ার পর লরির পিছনের চাকায় তিনি পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনার পর লরি চালক পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। পরে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেপ্তার করে এবং লরিটিকে আটক করে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *