আমাদের ভারত, ২১ ডিসেম্বর:শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। অর্থাৎ আগামী দু’দিন ডেরেক ও’ব্রায়েন সাসপেন্ডেড থাকবেন সংসদে। রুলবুক ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ শীতকালীন অধিবেশনের শেষ দু’দিন রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজ্যসভায় নির্বাচনী সংস্কার বিল এবং ১২ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ করার সময় তিনি চেয়ারম্যানের দিকের রুল বুক ছুড়ে দেন বলে অভিযোগ। ভূপেন্দ্র যাদব এবং পীযূষ গোয়েল রুল বুক ছুড়ে মারার ঘটনায় তীব্র আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ সংসদের ভেতর অভব্য আচরণ করেছেন তৃণমূল সাংসদ।
সাসপেন্ড হওয়ার পর ডেরেক টুইটারে লেখেন, “এর আগে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হয়ে ছিলাম। সেই সময় কি হয়েছিল তা আমরা সকলেই জানি। সংসদকে প্রহসনে পরিণত করেছে বিজেপি। আগেও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছিলাম আর আজ নির্বাচনী আইন সংস্কার বিলের বিরোধিতা করেছিলাম। এই বিলটিও শীঘ্রই বাতিল হবে।
গত বাদল অধিবেশনে সংসদে হই হট্টগোল করার জন্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, শান্তা ছেত্রী সহ মোট ১২ জন বিরোধী সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়েছিল।

