কর্ণাটকে মসজিদ সংস্কার করতে গিয়ে মিলল হিন্দু মন্দিরের নিদর্শন, বিশ্ব হিন্দু পরিষদের দাবি মেনে কাজ থামালো প্রশাসন

আমাদের ভারত ভারত, ২২ এপ্রিল: কর্নাটকে ম্যাঙ্গালুরুর কাছে মালালিতে একটি পুরোনো মসজিদের সংস্কারের কাজ শুরু হয়। এই কাজ শুরু হতেই বৃহস্পতিবার ওই পুরানো মসজিদের নিচে থেকে একটি হিন্দু মন্দিরের নিদর্শন আবিস্কার হয়।

মালালির জুমা মসজিদের সংস্কারের কাজ চলার সময় হিন্দু মন্দিরের একটি কাঠামোটি বেরিয়ে আসে। মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগেই এই সংস্কার কাজ চলছিল। এই ঘটনার পর হিন্দুরা মনে করছেন যে ওই স্থানে একটি হিন্দু মন্দির থাকার সম্ভাবনা রয়েছে৷ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেতারা দাবি জানায়, মসজিদ ও ওই জমি সংক্রান্ত সব নথিগুলি যাচাই না হওয়া পর্যন্ত মসজিদ সংস্কারের কাজ যেন বন্ধ রাখা হয়। স্থানীয় জেলা প্রশাসনের কাছে তারা এই আবেদন করেন৷ বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে একসময় সেখানে হিন্দু মন্দির ছিল। জোর করে সেটি ধ্বংস করে মসজিদ তৈরি করা হয়েছে।

পরিষদের দাবি মতই দক্ষিণ কন্নড় কমিশনারেটের তরফে মসজিদ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কাজ বন্ধ রাখার। মসজিদের জমিজমার দলিলপত্র খতিয়ে দেখছে সরকার। তারপরেই জারি হবে পরবর্তী নির্দেশ। সাধারণ মানুষকেও এই সময় শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে।।

দক্ষিণ কন্নড়ের ডেপুটি কমিশনার বলেছেন, “আমি ফিল্ড অফিসারদের কাছে এই বিষয়ে খবর পেয়েছি। আমরা পুরনো কাগজপত্র খতিয়ে দেখছি। জমির মালিকানা নিশ্চিত করার চেষ্টা করছি। ওয়াকফ বোর্ডের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট চেয়েছি। এবিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন মসজিদের কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *