সাবওয়েব দাবিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবরোধ

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ এপ্রিল: কল্যাণী এক্সপ্রেসওয়ের কেউটিয়া কাশিবাটি অঞ্চলে সাবওয়ের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে ব্যস্ততম কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

তাদের দীর্ঘদিনের দাবি, দ্রুতগামী রাস্তায় সাবওয়ে তৈরী করতে হবে। কেউটিয়া কাশিবাটি অঞ্চলের বাসিন্দাদের মূলত এই রাস্তা ব্যবহার করেই যেতে হয় স্কুল কলেজ হাসপাতাল সহ কর্মসংস্থানের জায়গায়। আর এই রাস্তা দিয়ে সর্বদা দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে। তাই দ্রুতগামী রাস্তা পারাপার করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে বহু মানুষকে। আগামী দিনের রাস্তা পারাপার কালে মানুষজনের সুবিধার্থে সাবওয়ের দাবি রয়েছে দীর্ঘদিনের।

জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে, কিন্তু এখনো কোনো সুফল পাননি এলাকার বাসিন্দারা। তাই আজ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। সেই সঙ্গে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। যার ফলে যানজটের সৃষ্টি হয় কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। ব্যস্ততম দিনে এই রাস্তা অবরুদ্ধ হওয়ায় সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের।

জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ শুরু করে তারা।
বিক্ষোভকারীদের বক্তব্য, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তারা আরো বলেন, “আমাদের এই রাস্তা দিয়ে কাজে যেতে হয়, কেউ অসুস্থ হলে এখানে তেমন কিছু নেই তাই দূরে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যেতে হয়। আর এই রাস্তায় কোনো ব্রিজ বা সাব ওয়ে না থাকায় যানজটে মধ্যে দিয়ে যেতে হয় এতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়।তাছাড়া ছোট ছোট ছেলে
মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়। আর
এক্সপ্রেসওয়ে হওয়ায় গাড়িগুলি দ্রুত গতিতে চলে তাই দুর্ঘটনা ঘটতে থাকে। আমরা চাই এখানে প্রশাসন ব্রিজ বা সাব ওয়ের ব্যবস্থা করুক।”

এদিন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টা চলে এই বিক্ষোভ অবরোধ। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়, শুরু হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *