মোদী মমতা সাক্ষাতের সম্ভাবনা, মাসের শেষে দিল্লি সফরে মমতা, এক মঞ্চে থাকার কথা উভয়ের

আমাদের ভারত, ২২ এপ্রিল: আগামী শুক্রবার ২৯ এপ্রিল দিল্লি যাওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, দিল্লিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের একাধিক ইস্যু নিয়ে সাক্ষাত করতে পারেন মমতা।

আগামী ৩০ এপ্রিল রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটি আলোচনা সভা আয়োজিত হয়েছে। সেখানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনা সভাটির নাম,’চিফ মিনিস্টার চিফ জাস্টিস কনফারেন্স অন জুডিশিয়ারি’। নবান্ন সূত্রে খবর এই আলোচনা সভায় যোগ দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

বিচারপতিদের এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই সময় বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিচারপতিদের সম্মেলনে থাকবেন দেশের প্রধান বিচারপতি এবং অন্য রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিরাও। ওই সম্মেলনে মমতার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

পশ্চিমবঙ্গের বিচার বিভাগের সঙ্গে সম্প্রতি রাজ্যের শাসকদলের একটি পরোক্ষ বিবাদ সামনে এসেছে বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। সম্প্রতি একের পর এক অপরাধের ঘটনায় বিচারবিভাগ রাজ্য পুলিশের বদলে তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থাকে বেশি ভরসা করেছে। তবে কিছু ক্ষেত্রে সেই নির্দেশের উপর চেপেছে পাল্টা স্থগিতাদেশ। এই পরিস্থিতিতে দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে মমতার উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

একইসঙ্গে রাজ্যের দুটি উপনির্বাচনে সাম্প্রতিক জয়লাভের পর আবারও মুখোমুখি হতে পারেন মমতা ও মোদী। এই উপনির্বাচনে বিজেপির হাতে থাকা একটি লোকসভা আসন জিতে নিয়েছে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনেও পরাজিত হয়েছে বিজেপি। অন্যদিকে বঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির ছিলেন না মোদী। ফলে এই পরো দিল্লিতে মোদীর মুখোমুখি হয় মমতা ঠিক কোন কোন বিষয়ে কথা বলবেন সেদিকে তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *