অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১ জুন:
“কে বা কারা সেই গৌরী সেনের ভূমিকায় ? ছাত্র সংসদের হাতে এত টাকা!“ মন্তব্য করলেন অভিজ্ঞ সাংবাদিক জয়ন্ত চৌধুরী।বুধবার জয়ন্ত তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “প্রশ্নগুলো তুলে দিয়ে গেল কে কে-র মৃত্যু।’
পূর্ব কলকাতার কলেজের সোশ্যাল দূরবর্তী দক্ষিণ কলকাতার মঞ্চে আয়োজন কেন ? (সাধারণত কলেজ সোশ্যাল, সকালে বা দুপুরে হয়ে থাকে। আপাতত সে প্রসঙ্গ তোলা রইলো)
প্রায় দু বছর অনিয়মিত ক্লাস। তাই অন লাইন পরীক্ষার দাবিতে আন্দোলন। অথচ ঘটা করে কলেজ সোশ্যাল! নজরুল মঞ্চে চূড়ান্ত বিশৃঙ্খলা হয়েছিল, যার জেরে শিল্পী নিজেই তাঁর অস্বস্তির কথা ব্যক্ত করেছিলেন। তারপরেও আয়োজকরা বেপরোয়া!
স্বয়ং মেয়র বলছেন, ২ হাজার ৭০০ আসন সংখ্যা, সেখানে হাজার সাতেকের ভিড়, এসি কার্যত অকেজো। অক্সিজেন লেভেল নেমে গিয়েছিল।
প্রশ্ন: পুলিশ প্রশাসন তৎপর থাকলে কি ওই জনস্রোত প্রেক্ষাগৃহে ঢুকতে পারতো? রাজনীতির জগতের বেপরোয়া জনতাকে যারা সামাল দিতে সিদ্ধহস্ত, তাদের এই নিরামিষ আচরণের কারন কি?
গৌণ কৌতুহল: সরকার পোষিত কলেজে ফিস খুবই কম। সেখানে কমপক্ষে কুড়ি লাখ টাকা খরচ করে মুম্বাই থেকে শিল্পী ও তাঁর যন্ত্রীবৃন্দ উড়িয়ে আনা বাদেও হোটেল খরচ, মঞ্চ ভাড়া ইত্যাদি মিলিয়ে অংকটা কত হতে পারে? কে বা কারা সেই গৌরী সেনের ভূমিকায়? ছাত্র সংসদের হাতে এত টাকা !
গুরুদাস কলেজ, সেই অর্থে এলিট প্রতিষ্ঠান (ব্র্যান্ডেড) নয়। সেই কলেজের অনুষ্ঠানে বহুজাতিক সংস্থার স্পন্সরশিপ, কীসের দৌলতে?“
পোস্ট করার এক ঘন্টার মধ্যে ৩৯টি লাইক, ২০টি মন্তব্য এসেছে। যাঁরা সায় দিয়েছেন বা মন্তব্য করেছেন, তাঁদেরও অনেকে অভিজ্ঞ সাংবাদিক।

