মামলার এজলাস নির্ধারণ কোন নিয়মে? জানতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ খোদ হাইকোর্ট

রাজেন রায়, কলকাতা, ২৬ জুলাই: হাইকোর্টে কোন এজলাসে মামলা চলবে তা নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। কোনও আবেদনকারীর ক্ষেত্রে হাইকোর্টের রায় অপছন্দ হলে তিনি সঙ্গে সঙ্গে এর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। খুব সম্প্রতি নন্দীগ্রাম মামলায় এমনটাই হয়েছে। মুখ্যমন্ত্রীকে জরিমানা করার পর সরকারি আইনজীবীর আপত্তিতে এজলাস বদলে যায় এই মামলার। কিন্তু বারবার এই এজলাস বদলের জেরে মামলার দীর্ঘসূত্রতায় বিচার মেলে না‌। তাই এবার সুপ্রিমকোর্টের কাছে বিচার চেয়ে মামলা করলেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল।

হাইকোর্টে মামলাগুলির ক্ষেত্রে আদালতের বিধি মেনেই তা চালানো হবে, নাকি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজেই ঠিক করবেন, সেই জবাবও চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে। নারদ-সহ আরও একাধিক মামলায় যেভাবে এজলাস বদলের সিদ্ধান্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়েছিলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। হাইকোর্টের বিধি মেনে তিনি এজলাস বদল করছেন না, এমন দাবি তোলেন আইনজীবীরা। এমনকী, একই কারণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে তীব্র অসন্তোষও প্রকাশ করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যা নিয়ে আইনজীবীদের একাংশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাস বয়কট করার হুমকি পর্যন্ত দেন।

সোমবারই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেন। মামলাটির মাধ্যমে আদালতের তরফে জানতে চাওয়া হয়েছে, কলকাতা হাইকোটের যে একটি বিশেষ আইন রয়েছে, সেই বিধি মেনেই কি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাস নির্ধারণ করবেন? নাকি নিজের পছন্দমতো এজলাসে ইচ্ছেমতো মামলা পাঠাতে পারবেন? সেই প্রশ্নের উত্তর চেয়েই মামলা করেছে হাইকোর্ট। এই ধরনের বিষয়গুলি নিয়ে নির্দিষ্ট নীতি থাকলে অনেক ঝঞ্ঝাট এড়ানো যাবে, এমনটাই মত হাইকোর্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *