‘মিথ্যের কি মহিমা’, যোগীর বিজ্ঞাপন বিতর্কে তৃণমূলকে কটাক্ষ বামেদের

রাজেন রায়, কলকাতা, ১২ সেপ্টেম্বর:  জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে যোগী আদিত্যনাথের পোস্টার বিতর্কে মা উড়ালপুল এর ছবি নিয়ে বিজেপি কে আক্রমণ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু তৃণমূল– বিজেপি লড়াইয়ের মধ্যে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল সিপিএম। যদিও অনেকে দাবি করছেন, ভোটের ফলে শূন্য পেয়ে এভাবেই রাজনৈতিক প্রচারের আলোয় আসার চেষ্টা করছে সিপিএম।

রবিবারের সকাল থেকেই যোগী আদিত্যনাথের বিজ্ঞাপন বিতর্ক তোলপাড় গোটা রাজ্য। উত্তরপ্রদেশের উন্নয়ন বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথের বিশালাকার ছবির সঙ্গে মা উড়ালপুলের ছবি জুড়ে দেওয়ার শুরু হয় বিতর্ক। তৃণমূল সরকারের কড়া সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। বাংলার উন্নয়নের ছবি চুরি করেছে যোগী সরকার। এমনটাও অভিযোগ তোলেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। যদিও বিতর্ক শুরু হতেই এই ঘটনার জন্য ভুল স্বীকার করে সংশ্লিষ্ট সংবাদপত্র। তারা জানিয়েছে, ‘তাদের মার্কেটিং বিভাগের ভুলেই এই বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। এই ঘটনার জন্য সংবাদপত্র গভীর ভাবে দুঃখ প্রকাশ করছে। সংবাদপত্রের সব ডিজিটাল মাধ্যম থেকে ওই ছবি সরিয়ে দেওয়া হয়েছে।’

এই বিতর্কের মাঝেই মা উড়ালপুল যে আদতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই আইডিয়া কপি-পেস্ট করেছে, সেই অভিযোগ তুলেই অভিনব মিম তৈরি করে ফেলল বামেরা। মিম বানিয়ে প্রতিষ্ঠা করতে চাইল, মা উড়ালপুল আদতে বুদ্ধদেবের আমলে তৈরি। যার নাম দেওয়া হয়েছিল ‘পরমা আইল্যান্ড’। আর এই মিম কার্যত আগুনে ঘি ঢেলেছে এই বিতর্কে।

বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তৈরি পরমা আইল্যান্ডকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ‘মা’ উড়ালপুল নাম দিয়ে রং করা হয়। আর সেই উড়ালপুলই এবার যোগী সরকার নিজেদের বলে দাবি করছে। এই মিম শেয়ার করেছেন খোদ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুধু তাই নয়, আরও একটি মিম বানিয়েছে বাম ছাত্র-যুবরা। যেখানে ব্যবহার করা হয়েছে, ‘পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি। মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী’ লাইনটি। মিমে দেখা যাচ্ছে তিনজনের ছবি। মা উড়ালপুল এখানে ‘পথ’, মমতা বন্দ্যোপাধ্যায় ‘রথ’, ‘মূর্তি’ হলেন যোগী আদিত্যনাথ। আর সবশেষে ‘অন্তর্যামী’ হিসেবে দেখানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য। মিমটি শেয়ার করেছেন এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। তিনি লিখেছেন, ‘কভি কভি লগতা হ্যায়, আপুন হি ভগবান হ্যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *