রাজেন রায়, কলকাতা, ১২ সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরেই গভীর নিম্নচাপ থেকে জোড়া নিম্নচাপের দাপট দেখেছে পশ্চিমবঙ্গবাসী। এবার ফের দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। রবিবার সকাল থেকেই তার প্রভাব দেখতে শুরু করেছে দক্ষিণবঙ্গবাসী।
জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। নিম্নচাপটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করবে। এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। এটি স্থলভাগে ওড়িশার ওপর দিয়ে আগামী ২-৩ দিনে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় উত্তাল থাকবে সমুদ্রের উপকূল। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দুই জেলায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।
৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরে।
মঙ্গলবারেও বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

