আমাদের ভারত, হলদিয়া, ১২ সেপ্টেম্বর: দিঘার সমুদ্র উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ট্রেলারের পাখা ভেঙ্গে বিকল হওয়া কাঁথির মৎস্যজীবীদের একটি ট্রলার ও ট্রলারে থাকা ১২ জন মৎসজীবীকে উদ্ধার করল হলদিয়া উপকূলরক্ষী বাহিনী। আজ সকাল ৬টা নাগাদ ওই ট্রলারটি বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ার খবর পায় মৎস্য দপ্তরের অফিসাররা। তৎক্ষনাৎ হলদিয়া কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে মৎস দপ্তর। জিপিএস লোকেশন, ট্রলারের নাম সহ যাবতীয় তথ্য সরবরাহ করা হয় হলদিয়ার উপকূল রক্ষী বাহিনীকে। উপকূল রক্ষী বাহিনীর টহলরত জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে বেঁধে নিয়ে এসেছে। সঙ্গে থাকা ১২জন মৎস্যজীবীকেও উদ্ধার করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে খবর। সন্ধ্যায় হলদিয়ায় পৌঁছায় হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজ।

পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা(মেরিন) সুরজিৎ বাগ বলেন, হলদিয়ার উপকূল রক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। নিম্নচাপের জেরে এখন সমুদ্র উত্তাল। কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গভীর সমুদ্রে থাকা সমস্ত মাছ ধরার ট্রলারকে উপকূলে নিরাপদ জায়গায় ফিরে আসতে বলা হয়েছে। সেইমতো সব ট্রলার লাইন দিয়ে নিরাপদ জায়গায় ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলারটি আটকে পড়েছিল। হলদিয়া কোস্টগার্ড ট্রলারটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে।

