পশ্চিমবঙ্গ এখন পাচারের রাজ্যে পরিণত হয়েছে, অভিযোগ অধীর চৌধুরীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৮ এপ্রিল:
পশ্চিমবঙ্গ এখন পাচারের রাজ্যে পরিণত হয়েছে। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার নিয়েই এখন পশ্চিমবঙ্গ পাচারের রাজ্যে পরিণত হয়েছে। আর এই পাচার চলছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে–এই অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।
বৃহস্পতিবার শান্তিপুরের গোডাউন মাঠে এক জনসভায় রাজ্যের শাসক দলকে এভাবেই আক্রমণ করেন। আজ তিনি শান্তিপুর এবং কৃষ্ণনগরে সভা করেন।

অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, গরু তো আর মানিব্যাগে যায় না, আবার ঝোলাতে করেও নিয়ে যায় না। গরু তো রাস্তা দিয়ে যায়। ট্রাকে চেপে গরু চলে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী কাজে এমন ব্যস্ত তিনি কিছুই জানেন না। লাখে লাখে গরু বাংলাদেশে পাচার হচ্ছে বিজেপি জানে না? মোদী–দিদি দুজনেই জানে। গরু আসে কোথা থেকে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার থেকে। গরু আসে বিজেপির রাজ্যগুলোর উপর দিয়ে।

তাঁর অভিযোগ, গত নির্বাচনগুলোতে তৃণমূল সরকার কংগ্রেসের এমএলএদের গরু ছাগলের মত ৫০ লাখ টাকায় কিনে নিয়ে গেছিল নদিয়া মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গা থেকে। আর এখন সেই বিধায়করাই অন্য দলে চলে গেছে। নির্বাচনে এভাবে এমএলএদের কেনাবেচা যায়, আমরা সেই রাজনীতির সঙ্গে আগে পরিচিত ছিলাম না। বাংলার মুখ্যমন্ত্রী এই এমএলএ শিকার করা রাজনীতি শিখিয়েছেন। আর এখন, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই বিজেপি হাঁটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *