স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: “এতদিন মানুষ সিনিয়র সিটিজেনদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। হয়নি কোনও উন্নয়ন। বঞ্চিত রায়গঞ্জের যুব সমাজ। রায়গঞ্জের মানুষ একজন যুবককে বিধানসভার প্রতিনিধি হিসেবে চাইছে।” দলের যুব কর্মীদের নিয়ে মোটরবাইক র্যালির মাধ্যমে প্রচারের পর নিজের সম্পর্কে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তরুণ তুর্কি নেতা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী।

শুক্রবার সকাল বেলাতেই কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ও যুব মোর্চার কর্মীদের নিয়ে রায়গঞ্জ বিধানসভার সুভাষগঞ্জ থেকে মোটরবাইক র্যালি শুরু করেন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নিজেই বাইক চালালে বিজেপি প্রার্থী। সুভাষগঞ্জ থেকে চাপদুয়ার হয়ে লহুজগ্রাম, ভিটিয়ার সহ বাহিন ও গৌরী গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় মোটরবাইক র্যালির মাধ্যমে প্রচার করেন বিজেপি প্রার্থী। জানালেন, ব্যাপক সাড়া পাচ্ছেন প্রচারে। রায়গঞ্জের মানুষ এবার চাইছেন একজন যুব সম্প্রদায়ের মুখকে বিধানসভায় প্রতিনিধিত্ব করতে। যাতে মোদিজীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলা যায়।

