আমাদের ভারত, হাওড়া, ৮ এপ্রিল: মঙ্গলবার তৃতীয় পর্যায়ে হাওড়া জেলার ৭ টি আসনে ভোট গ্রহণ করার পর বাকি ৯ টি আসনে ভোট নেওয়া হবে শনিবার। আর চতুর্থ পর্যায়ের এই নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল বৃহস্পতিবার। প্রচারে শেষ দিনে ঝাঁপিয়ে পড়ল বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার হাওড়ায় যখন প্রচার করছেন জয়া বচ্চন তখন বাঁকড়ায় প্রচার করছেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে বাউড়িয়ায় প্রচার করছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।
নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই প্রচারে ঝাঁপিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থকরা। ইতিমধ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, সংসদ মনোজ তেওয়ারি।
সংযুক্ত মোর্চার প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো আব্বাস সিদ্দিকী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রচারে শেষ দিনে উলুবেড়িয়ায় আসলেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।
বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসুর সমর্থনে বাউড়িয়া কারবালা ময়দান থেকে এক রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে তৃণমূল প্রার্থী বিদেশ বসু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ নুসরাত জাহান, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রার্থী ডাঃ নির্মল মাজি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়।

অন্যদিকে প্রচারের একদম শেষ লগ্নে বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া গঙ্গারামপুর থেকে পুরাতন হাসপাতাল মাঠ পর্যন্ত এক মহা মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এই মিছিলে তৃণমূল প্রার্থী বিদেশ বসু ছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার মানুষ ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অরুণাভ সেন, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্যরা। এদিনের এই মহামিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক শামিল হয়েছিল।

