Janmashtami, Bharat Sevashram, শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব ঘিরে সপ্তাহব্যাপী অনুষ্ঠান ভারত সেবাশ্রম সঙ্ঘে

আমাদের ভারত, কলকাতা, ৪ সেপ্টেম্বর: শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই বিশেষ পুজো, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন সঙ্ঘের প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।

সঙ্ঘের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের মূল ভাবনা “মহাজাগরণ, মহামিলন” এবং “মহাসমন্বয়, মহামুক্তি”। জন্মাষ্টমীকে কেন্দ্র করে ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম- শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং সমাজের সর্বাঙ্গীণ কল্যাণে শ্রীকৃষ্ণের বাণী মানুষের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।”

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিযোগিতা, সংস্কৃত স্তোত্র ও শ্লোক প্রতিযোগিতা, বৈদিক শান্তি যজ্ঞ, ভক্তিগীতি, গীতা পাঠ, পালা কীর্তন, পদাবলী কীর্তন- সহ একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভারতীয় দর্শন ও জাতীয় জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও আদর্শ নিয়ে আলোচনা সভারও আয়োজন থাকছে।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, জন্মাষ্টমী মহোৎসবের পাশাপাশি হিন্দু ধর্ম- শিক্ষা- সংস্কৃতি সম্মেলন- এরও আয়োজন করা হয়েছে। সেখানে হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা আরও প্রসারিত করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। শ্রীকৃষ্ণের আদর্শ, তাঁর কর্ম ও মানব কল্যাণের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও সেবার ভাবনা জাগিয়ে তোলার লক্ষ্যেই এই মহোৎসবের আয়োজন বলে জানিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *