পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকল। ৩রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম বিবেকানন্দ সভাগৃহের এস.এন. ঘোষ কর্ণারে এক অভিনব নোবেল লরিয়েটস’ লাউঞ্জের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি ক্যাম্পাসের শিক্ষক দিবস উদযাপনের সাথে একই দিনে অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই ধরনের প্রথম উদ্যোগটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক, আধিকারিক, ছাত্র- ছাত্রী, গবেষক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই লাউঞ্জে ভারতে জন্মগ্রহণকারী নয়জন নোবেল বিজয়ীর পূর্ণ- আকারের স্ট্যান্ডি স্থাপন করা হলো। এই সম্পূর্ণ উদ্যোগের লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের অনুপ্রাণিত করা। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির অ্যাকাডেমিক পরিসরে নোবেল বিজয়ীদের প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এটি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।

