আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: পোষাকবিধি নির্ধারণে সরকারের যাওয়ার দরকার কী? এই প্রশ্ন তুললেন ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের প্রাক্তন আধিকারিক গৌতম ভট্টাচার্য।
অবসরপ্রাপ্ত চিফ পোষ্ট মাস্টার জেনারেল গৌতমবাবু এই প্রতিবেদককে বলেন, “স্কুল-কলেজে ইউনিফর্মের একটা গুরুত্ব আছে। ভিন্ন ভিন্ন সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা আসলেও, শিক্ষায়তনের ভেতরে সকলেই সমান, সবাইকেই একইরকম অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে- এই ভাবনাটা মাথায় রেখেই পোষাক বিধির উৎপত্তি। প্রশ্ন হচ্ছে সেটা ঠিক করবে কে?
আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম বা ড্রেস-কোড সেই প্রতিষ্ঠানেরই ঠিক করা বাঞ্ছনীয়, সরকারের এর মধ্যে কোনও ভূমিকা না থাকলেই ভালো। ছাত্রছাত্রীদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিচার করে শিক্ষায়তনের কর্তৃপক্ষ যদি ড্রেস-কোড ঠিক করে দেন, সকলকেই সেটা মেনে চলতে হবে। স্কুল- কলেজে ভর্তি হবার আগেই সবাই জেনে গেলো সেখানে ভর্তি হলে কি সাজে যেতে হবে। এর মধ্যে সরকার ঢুকলেই মুস্কিল। কেউ তাতে ‘চাপিয়ে দেওয়া’র অভিযোগ আনবে, কেউ বা তাতে ‘সিঁদুরে মেঘ’ দেখবে। কর্ণাটকে ঠিক এইটাই হলো। সরকারের আরও হাজারটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কার হিজাব পরাতে জীবনের সার্থকতা আর কার ঘোমটা টানায়, সরকারের তার মধ্যে যাবার দরকার কী?

