নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৯ ডিসেম্বর: পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় বিজেপির নামে অনুষ্ঠান করতে পারল না উত্তর ২৪ পরগণার পানিহাটির এক নম্বর মণ্ডলের বিজেপি নেতারা। তাই তারা অনুষ্ঠান করল সেবাই ধর্ম নামের ব্যানারে এবং সেই অনুষ্ঠানে ১৮০ জন মানুষকে কম্বল দেওয়া হল।
প্রত্যেক বছর বিজেপির পক্ষ থেকে এলাকায় দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এবারও কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। কিন্তু তাদের অভিযোগ, পুলিশ বিজেপির নামে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি, তাই তারা সেবাই ধর্ম নামে ব্যানারে অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে দুই নম্বর ওয়ার্ডের ১৮০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিজেপি নেতা জয় সাহা এবং কিশোর কর তাদের হাতে কম্বল তুলে দেন।

যেহেতু বিজেপির নামে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। তাই প্রত্যেক বিজেপি নেতাকে সমাজসেবী হিসেবে পরিচয় দেওয়া হয়। গোটা অনুষ্ঠানে কোথাও বিজেপির কথা বা কোনও রাজনৈতিক কথা বলা হয়নি। প্রথমে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক এবং জীবনমুখী গান পরিবেশন করেন।

স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ অধিকারী বলেন, আমরা ভোটে হেরে গেছি কিন্তু হারিয়ে যাইনি। আমরা মানুষের পাশে ছিলাম এবং মানুষের পাশে আছি। গত বছরও আমরা কম্বল বিতরণ করেছি। অনেকেই ভেবেছিল আমরা হেরে গেছি বলে কম্বল বিতরণ করা হবে না। পুলিশও আমাদের সেই পারমিশন দেয়নি, তাই আমরা সেবাই ধর্ম নামের ব্যানারে এই অনুষ্ঠান করলাম। মানুষের কাছে একটাই বার্তা আমরা হারিয়ে যাইনি।

