আমাদের ভারত, ২৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর নতুন গাড়ির দাম ১২ কোটি নয়, বরং সেই গাড়ি কিনতে তার এক তৃতীয়াংশ খরচ হয়েছে। অর্থাৎ চার কোটি টাকা খরচ হয়েছে। বুধবার সরকারি সূত্রে এমনটাই জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে কোনো ব্যক্তিগত পছন্দের তাগিদে নয় নিয়মমাফিক পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য গাড়ি।
মার্সিডিজ মেব্যাক এস ৬৫০ গার্ড, প্রধানমন্ত্রীর এই নতুন গাড়ি নিয়ে আগ্রহ দেশজুড়ে। অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণ কৌশলে তৈরি এই গাড়ি একে-৪৭র গুলিকেও প্রতিহত করতে সক্ষম। একই সঙ্গে বিস্ফোরণেও এই গাড়ির কোনো ক্ষতি হবে না। গাড়িটির মূল্য ১২ কোটি টাকা বলে শোনা গিয়েছিল। কিন্তু সরকারি সূত্রে বুধবার দাবি করা হয়েছে এই গাড়িটি মোটেই অত দামি নয়। একইসঙ্গে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি পরিবর্তন একেবারেই রুটিন মাফিক একটি কাজ। নিয়মমাফিক তার নিরাপত্তার জন্য মার্সিডিজ মেব্যাক এস ৬৫০ গার্ড কেনা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই রিপোর্ট অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র দাবি করেছে, গাড়ির মূল্য যা বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তা সঠিক নয়। একইসঙ্গে বলা হয়েছে এই ধরনের গাড়ির নিরাপত্তা পরিকাঠামো সম্পর্কে বলাও বিপদজনক। কারণ দেশের ভিভিআইপি ব্যক্তিত্বের সুরক্ষার সঙ্গে এটি জড়িত। এছাড়াও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ছয় বছর অন্তর গাড়ি বদলে দেয়। কিন্তু মোদী এর আগে যে গাড়িটি ব্যবহার করতেন সেটি ৮ বছর হয়ে গিয়েছে। তাই তা বদলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মার্সিডিজ মে-ব্যাচ এস ৬৫০ গার্ডকে বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর নতুন বাহন হিসেবে।

