জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: নারায়ণগড় ব্লকের মকরামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনডিহি ও নয়াডিহি গ্রামে বুধবার ভোরে হাতির পাল তান্ডব চালিয়েছে। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ে হাতির দল। গ্রামবাসীরা ঘর বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যান। ১২ টি মাটির বাড়ি পুরোপুরি ভেঙ্গে দিয়েছে হাতির দলটি। ভোরবেলা কনকনে শীতে
গ্রামবাসীদের আশ্রয় নিতে হয়েছে স্থানীয় স্কুলে।

এর আগে ওই এলাকায় হাতির দল না আসলেও বুধবার ভোর রাতে আচমকা ওই দুটি গ্রামে হাতির দলটি ঢুকে পড়ায় বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। হাতির হামলা থেকে বাঁচার জন্য বাড়ি ছেড়ে ছোটাছুটি শুরু করে দেন সকলে। সেই সময় হাতির দল গ্রামে ব্যাপক তাণ্ডব চালায়। হাতির দল যাদের মাটির বাড়িগুলি ভেঙ্গে দিয়েছে তারা স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে। হাতির হামলার খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ওই দুটি গ্রামে গিয়ে যাদের বাড়ি হাতি ভেঙ্গে দিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে এলাকাবাসীদের সতর্ক থাকতে বলেন।

স্থানীয় গ্রামপাঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তবে যে ভাবে খাবারের সন্ধানে জঙ্গল থেকে হাতির পাল লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।

