আমাদের ভারত, মালদা, ২৯ ডিসেম্বর: জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে মালদার শহরের পুলিশ লাইন মাঠে। আচমকা ওই পুলিশ কর্মীর মৃত্যুতে জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম মকসেদুর রহমান (৩২)। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকায়। বর্তমানে সে এসটিএফের রিজাভ কনস্টেবল পদে মালদায় কর্মরত ছিলেন। অল্প বয়সী পুলিশ কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা পুলিশের পদস্থ কর্তারা।

এদিন পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলছিল। সেখানে অংশ নিয়েছিলেন ওই পুলিশ কর্মী মকসেদুর রহমান। টাগ ওফ ওয়ার খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয় সে। ঘটনায় অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

