আমাদের ভারত, শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর: করোনার কারণে এতদিন পাহাড়ে আসতে পারেনি পর্যটকরা। এবার তাই ভিড় উপচে পড়েছে। আর বুধবার তুষারপাত তাদের কাছে বাড়তি পাওনা। সেই মুহূর্ত বন্দী রাখতে ব্যস্ত ছিলেন কলকাতা সহ ভিনরাজ্যের পর্যটকরা।
এদিন সকাল থেকে দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র ম্যাল সহ ঘুম রেলস্টেশন, দার্জিলিংয়ের টাইগার হিল সহ শহরের প্রধান জায়গাগুলি তুষারের চাদরে মুখ ঢাকে। সকালে খবর ছড়িয়ে পড়তেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়েন পর্যটকরা। সবথেকে বেশি ভিড় ছিলো ঘুম স্টেশনে। এখানে প্রচুর বরফ পড়ায় সকলেই হাজির হয়েছিলেন। দার্জিলিং পুলিশ থেকে সাবধানে গাড়ি চালানোর জন্য সতর্ক করা হয় চালকদের। এদিকে বরফ পেয়ে আনন্দ দ্বিগুণ হয়ে যায় পর্যটকদের।

কলকাতা থেকে আসা অহনা বসু বলেন, ছুটি কাটাতে এসেছিলাম। কিন্তু এই তুষারপাত ছুটির আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিলো। বিশ্বাস করতে পারছি না এভাবে বরফ পড়া দেখতে পাবো। আবার ছত্তিসগড় থেকে আসা মীনা ঠাকুর বলেন, এ তো স্বপ্ন দেখার মত। টিভিতে দেখেছি কিন্তু নিজের চোখে দেখতে পেয়ে আমরা আপ্লুত। খুব খুশী হয়েছি, দারুণ আনন্দ করছি, প্রচুর ছবি তুলে নিয়ে যাচ্ছি। পাশাপাশি এদিন সিকিমেরও বিভিন্ন এলাকায় তুষারপাত হয়েছে। এমনকি ভুটান ও নেপালেও একইভাবে তুষারপাত হয়।

