আমরা বাংলা ভাগে পক্ষে নই, মমতা বন্দ্যোপাধ্যায়ই পাহাড়ের বিচ্ছন্নতাবাদী আন্দোলনের সাথে যুক্ত: দিলীপ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ জুন: বিজেপি সাংসদ এবং বিধায়কদের উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ার মন্তব্যকে নস্যাৎ করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলাকে ভেঙে নয়, বাংলাকে এক রেখেই তৃণমূলের অপশাসনকে রুখে বাংলার উন্নয়নের জন্য আমরা লড়াই করব।”

আজ উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ শহরে দলীয় কর্মিসূচিতে যোগ দিতে এসে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি কখনই রাজ্য ভাগের পক্ষে নয়। তাঁর দাবি, বিজেপি বাংলাকে অভিন্ন রেখে বাংলার উন্নয়ন করতে চায়। দিলীপবাবু বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, এখানে কোনও উন্নয়নই হয়নি। তাই উত্তরবঙ্গের মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা থেকে এই ধরনের আন্দোলন এবং উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি কেউ কেউ তুলেছেন। তবে আমরা বিজেপি দল কখনই বঙ্গ ভঙ্গের পক্ষে নই।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ার মন্তব্য প্রসঙ্গে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস আন্দোলনে মাঠে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগ তুলে সরব হয়েছে। বিজেপির বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রায়গঞ্জে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পালটা অভিযোগ, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই বিচ্ছন্নতাবাদী আন্দোলনের সাথে যুক্ত। তিনিই পাহাড়ে বিমল গুরুংকে নিয়ে গোর্খাল্যান্ড আন্দোলনকে সমর্থন করেছেন। আমরা কখনই গোর্খাল্যান্ড আন্দোলনের সমর্থন করিনি। বিজেপির স্পষ্ট বার্তা বাংলাকে অভিন্ন রেখে উন্নয়নের মাধ্যমে বাংলার পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *